জাতীয়
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ।

নিজেস্ব প্রতিবেদক:

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্ভোগের মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সকাল সাড়ে ১১টার পর থেকে বিপুলসংখ্যক পরীক্ষার্থী ও শিক্ষার্থী অবস্থান নিলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানান। বিক্ষোভে ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘এক, দুই, তিন, চার—মিলন, গদি ছাড়’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়কে নেমে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। এতে ওই এলাকার যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।

রাজধানীর বাইরে রাজশাহী, বরিশাল ও বগুড়াসহ দেশের আরও কয়েকটি জেলায় একই দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও প্রতিবাদ কর্মসূচির খবর পাওয়া গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিরূপ আবহাওয়া, জলাবদ্ধতা এবং যাতায়াত সংকটের বিষয়টি বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অনেক পরীক্ষার্থীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই পরিস্থিতির দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

মতামত দিন