আগামী তিন দিন ভারী বৃষ্টির আশঙ্কা নেই, ১৭ জুলাইয়ের পর বাড়তে পারে বর্ষণ।
দেশজুড়ে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন দিন বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকবে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
তিনি বলেন, আগামী তিন দিন ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তবে ১৭ জুলাইয়ের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে জুলাই মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এটি খুব বেশি শক্তিশালী হবে না বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে পাহাড়ি এলাকাগুলোতেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে আপাতত পাহাড়ধসের ঝুঁকি নিয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি।
এদিকে আবহাওয়ার উন্নতি হওয়ায় দেশের সব নদীবন্দর ও সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে কোনো বন্দরেই আবহাওয়াজনিত সতর্ক সংকেত কার্যকর নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন