জাতীয়
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট।

নিজেস্ব প্রতিবেদক:

বর্ষার টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও পানি বাড়তে শুরু করেছে। এর প্রভাবে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালেই কেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন।

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সকাল ৯টার পরিমাপে হ্রদের পানির উচ্চতা দাঁড়িয়েছে ১০০ দশমিক ৬০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। আগের দিন একই সময়ে পানির স্তর ছিল ৯৯ দশমিক ১৫ ফুট। মাত্র এক দিনের ব্যবধানে পানির এ বৃদ্ধি জলবিদ্যুৎ উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বর্তমানে ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে আরও ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সব মিলিয়ে কেন্দ্রটি এখন ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

শুষ্ক মৌসুমে হ্রদের পানি কমে যাওয়ায় গত ডিসেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছিল। তবে বর্ষার বৃষ্টিতে জলাধারে পানি জমতে শুরু করায় উৎপাদন আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

উল্লেখ্য, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট। পর্যাপ্ত পানি থাকলে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতার কাছাকাছি উৎপাদনে যেতে পারে।

মতামত দিন