যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, শেখ হাসিনাকে কারাগারে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে কিংবা ভারতে—যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, আইনগত প্রক্রিয়ায় তাকে কারাগারে যেতে হবে।
সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দী বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ চলমান রয়েছে।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও তা প্রচারের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, আদালতে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির বক্তব্যকে সরকারের পক্ষ থেকে কোনো গুরুত্ব দেওয়ার অবকাশ নেই।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক কর্মীদের চাঙা রাখার উদ্দেশ্যেই শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তবে এসব বক্তব্যের বাস্তবতা নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মতামত দিন