জাতীয়
ছবি: সংগৃহীত

পেঁয়াজ নিতে গিয়ে আলমারিতে হাত, বিষধর সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরের আলমারি থেকে পেঁয়াজ বের করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন এক গৃহবধূ। আলমারির ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপের ছোবলে গুরুতর আহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়েছে।

নিহত শাহানাজ আক্তারের (২৫) বাড়ি উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে। তিনি জায়েদ হোসেনের স্ত্রী এবং দুই সন্তানের মা।

পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরের দিকে রান্নার প্রস্তুতি চলছিল। প্রয়োজনীয় উপকরণ বের করতে আলমারির দরজা খুলে ভেতরে হাত দিতেই আচমকা একটি সাপ তাকে ছোবল দেয়। মুহূর্তেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে কয়েক ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন