টানা বৃষ্টিতে ডুবেছে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী।
আজ সোমবার সকালে অফিসে বের হয়ে রাজধানীবাসী দেখলেন রাস্তায় এখনো পানি জমে আছে। গুলশান, বনানী, মোহাম্মদপুর, মালিবাগ, শান্তিনগর, ফার্মগেট, ধানমন্ডি, মিরপুরসহ অসংখ্য এলাকায় গতকালের জলাবদ্ধতা সকালেও কাটেনি।
রাস্তায় বাস কম, যেগুলো চলছে সেগুলোতে উপচেপড়া ভিড়। এই সুযোগে রিকশা ও সিএনজির ভাড়া দ্বিগুণ। রামপুরা থেকে পল্টনগামী এক চাকরিজীবীর অভিযোগ, অফিসে সময়মতো পৌঁছানোর চাপে বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে।
চালকরা অবশ্য নিজেদের যুক্তি দিচ্ছেন। এক সিএনজিচালক বলছেন, গতকাল জলাবদ্ধতায় তার ইঞ্জিন বন্ধ হয়ে সারাদিনের আয় মার গেছে। ঝুঁকি নিয়ে চললে একটু বেশি ভাড়া চাওয়াটা অস্বাভাবিক নয়।
দুই পক্ষের বাস্তবতা যাই হোক, মাঝখানে পড়ে নাকাল সাধারণ মানুষ। আবহাওয়া না সামলালে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাই করছেন নগরবাসী।
মতামত দিন