বাবার পদবি বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে, সামনে এলো নতুন তথ্য।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে নিজের নাম ও পদবি পরিবর্তন করেছেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি নথিতে তিনি এখন ‘ইয়োনাতান হান’ নামে নিবন্ধিত।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের শেষ পর্যন্ত একই পরিচয় নম্বরের বিপরীতে ‘ইয়াইর নেতানিয়াহু’ নাম থাকলেও চলতি বছরের নথিতে সেটি পরিবর্তিত হয়ে ‘ইয়োনাতান হান’ হয়েছে।
তবে এই নাম পরিবর্তনের কারণ সম্পর্কে ইয়াইর নেতানিয়াহু কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিষয়টি এমন এক সময়ে সামনে এলো, যখন গাজা যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইসরায়েল সরকারের ওপর চাপ এবং সমালোচনা বেড়েই চলেছে।
হারেৎজ আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগেও তিনি ‘ইয়াইর হুন’ নামে পরিচয় ব্যবহার করেছিলেন। ‘হুন’ ছিল তার মা সারা নেতানিয়াহুর বাবার পারিবারিক পদবি, যা পরবর্তীতে পরিবর্তিত হয়েছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেতানিয়াহু পরিবারের সদস্যদের নাম পরিবর্তনের ঘটনা নতুন নয়। ইয়াইরের ছোট ভাই অ্যাভনারও কয়েক বছর আগে নিজের নাম বদলে ‘আভি সেগাল’ রাখেন। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ওই নাম ব্যবহার করেই তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও অতীতে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ‘বেন নিতাই’ নামে পরিচিত ছিলেন। পরে তিনি জানান, সে সময় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনার অংশ হিসেবেই ওই নাম ব্যবহার করেছিলেন।
হারেৎজের তথ্য অনুযায়ী, পরিবারের নাম পরিবর্তনের ইতিহাস আরও পুরোনো। নেতানিয়াহুর বাবা বেনজিয়ন মিলেইকোভস্কি পোল্যান্ড থেকে তৎকালীন ঐতিহাসিক ফিলিস্তিনে অভিবাসনের পর নিজের পদবি পরিবর্তন করে ‘নেতানিয়াহু’ গ্রহণ করেন। সে সময় ইউরোপীয় পদবির পরিবর্তে হিব্রু নাম গ্রহণ ছিল জায়নবাদী আন্দোলনের একটি প্রচলিত প্রবণতা। একই ধারায় ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়নের জন্মনামও ছিল ডেভিড গ্রুয়েন।

মতামত দিন