জাতীয়
ছবি: সংগৃহীত

৮ দিন পর সন্দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগ চালু, স্বস্তি ফিরল যাত্রীদের।

নিজেস্ব প্রতিবেদক:

টানা বৈরী আবহাওয়া ও সাগরের উত্তাল পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর অবশেষে চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের নৌ যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর থেকে ফেরি ও স্পিডবোট চলাচল পুনরায় শুরু হওয়ায় দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব কমে যাওয়ায় এবং আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার করায় চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফের যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এর ফলে কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট এবং বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। গত আট দিন ধরে নৌযান বন্ধ থাকায় দ্বীপে যাতায়াত, পণ্য পরিবহন ও জরুরি সেবায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছিল। বিশেষ করে রোগী, চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রবাসফেরত যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছিল।

ফেরি চালু হওয়ায় আটকে থাকা বিভিন্ন পণ্যবাহী যানবাহনও গন্তব্যে যেতে শুরু করেছে। এতে সন্দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে চলাচলকারী ফেরির দায়িত্বশীলরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় নিয়মিত সময়সূচি অনুযায়ী ফেরি চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে কুমিরা-গুপ্তছড়া নৌপথেও স্পিডবোট চলাচল পুনরায় চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকলে নৌযান চলাচল নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মতামত দিন