চট্টগ্রাম-পার্বত্যাঞ্চলে ভয়াবহ দুর্যোগ, ৫ দিনে ৩৩ প্রাণহানি।
টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল। পাঁচ দিনের দুর্যোগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটির বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগও ব্যাহত হয়েছে এবং একাধিক ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
বান্দরবানের লামায় পাহাড়ধসে দুটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধস ও পানিতে ডুবে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে নিখোঁজের ঘটনাও ঘটেছে।
সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। সাঙ্গু ও ডলু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে কয়েক দফায় শতাধিক পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় আশ্রয়কেন্দ্র চালু, ত্রাণ বিতরণ এবং উদ্ধার কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন।
মতামত দিন