থামছে না বৃষ্টি, ৮ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা।
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রবণতা আরও অন্তত একদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
গত কয়েক দিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টির এ ধারা আপাতত কমার সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের মতে, অতিবৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে মাটি নরম হয়ে যাওয়ায় কয়েকটি স্থানে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া পাহাড়ের ঢাল ও টিলার পাদদেশে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

মতামত দিন