আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানি হামলার আশঙ্কায় বাহরাইনজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নতুন মাত্রা পাওয়ার পর সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে বাহরাইন। আকাশপথে হামলার সংকেত হিসেবে এয়ার রেইড সাইরেন বাজিয়ে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নাগরিক ও প্রবাসীদের অযথা আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে সবাইকে নিকটবর্তী নিরাপদ আশ্রয় বা সুরক্ষিত স্থানে চলে যেতে হবে। পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুসরণ করতে বলা হয়েছে।

এই সতর্কতার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি। সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে ১৭০টির বেশি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করে। এর জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে তেহরান।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (Fifth Fleet) প্রধান ঘাঁটি থাকায় দেশটি সম্ভাব্য পাল্টা হামলার অন্যতম ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এ কারণেই সম্ভাব্য যেকোনো হামলার আগে জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

সূত্র: আল জাজিরা।

মতামত দিন