ইরানের হত্যার তালিকায় আমি এক নম্বরে আছি: ডোনাল্ড ট্রাম্প।
তুরস্কে ন্যাটো সম্মেলনে এসে সাংবাদিকদের সামনে একটু রসিকতার সুরেই কথাটা বললেন ট্রাম্প — ইরানের হত্যার তালিকায় তার নাম এক নম্বরে। বললেন, টিকটকে এক নম্বরে থাকতে বেশি ভালো লাগত, তবে এখন ইরানের হত্যা তালিকায় শীর্ষে আছেন তিনি।
রসিকতার আড়ালে উদ্বেগটা কিন্তু গভীর। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আবার ঘোলাটে। গত ২৪ ঘণ্টায় ইরান হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালিয়েছে বলে অভিযোগ এনে যুক্তরাষ্ট্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও নৌযানে পাল্টা হামলা চালায়। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় হামলা করেছে বলে দাবি করেছে।
ট্রাম্প বলছেন, এক রাতেই ইরানের ২৮টি নৌযান ধ্বংস করা হয়েছে। প্রয়োজনে আরও হামলা হবে। বিদ্যুৎ ও পানি অবকাঠামো লক্ষ্য করার ইঙ্গিতও দিয়েছেন, তবে আশা করছেন সেটা করতে হবে না। খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতার কথাও বলেছেন।
জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি সমঝোতা নিয়েও হতাশ ট্রাম্প। তার কথায়, ইরান বারবার চুক্তি লঙ্ঘন করছে এবং শেষ পর্যন্ত এই সমঝোতা টিকবে বলে তার মনে হয় না। পারমাণবিক অস্ত্র ইস্যুতেও কঠোর অবস্থানে তিনি — কোনো চুক্তি ছাড়াই ইরানকে সেই পথ থেকে ঠেকিয়ে রাখা সম্ভব বলে দাবি করেছেন।
সূত্র: বিবিসি, এনডিটিভি
মতামত দিন