জাতীয়
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ধামরাইয়ে।

নিজেস্ব প্রতিবেদক:

জরুরি কারিগরি কাজের জন্য বৃহস্পতিবার (৯ জুলাই) ধামরাইয়ের বিস্তীর্ণ এলাকায় টানা প্রায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় একাধিক ফিডারের আওতাধীন আবাসিক, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩।

বুধবার (৮ জুলাই) বিকেলে সমিতির ধামরাই জোনাল অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি লাইন এবং ধামরাই উপকেন্দ্রের বিভিন্ন ফিডারে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে নির্ধারিত সময়জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

রক্ষণাবেক্ষণের আওতায় থাকবে ধামরাই উপকেন্দ্রের DH-1A, 3C, 6F, 7G, DH-8H, DH-9I, DH-10J ও 11K ফিডার। ফলে এসব ফিডার থেকে বিদ্যুৎ পাওয়া এলাকাগুলো সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে ধানসিঁড়ি, আমিন মডেল টাউন, বরাত সেন্টার, বরাত নগর, ধামরাই থানা এলাকা, হার্ডিঞ্জ স্কুল, ধামরাই সরকারি কলেজ, পাঠানটুলা, কালিয়াগার, উত্তর পাতা, গোয়ারীপাড়া, কমিশনার মোড়, কুমড়াইল, হাসপাতাল এলাকা, ঋষিপাড়া, টেকপাড়া, ইসলামপুর হাসপাতাল রোড, মাদ্রাসা রোড, সুইডিশ মাঠ, তালতলা, ঢুলিভিটা, নতুন দক্ষিণ পাড়া, ছোট চন্দ্রাইল, ছয়বাড়িয়া, খাত্রা, বাসাইল, বাড়ীগাঁও, লাড়ুয়াকুন্ড, কুল্লা, রামকুল্লা, হিরানদী কুল্লা, জয়পুরা, জলশীন, কান্দাপাড়া, গাওয়াইল, বাদে গাওয়াইল, বানেশ্বর, গোপালপুর, শরীফবাগ, কাকরান, তেতুলিয়া, হাজিপুর, স্বর্ণখালী, ইকুরিয়া, ইসলামনগর এবং ডেমরান থেকে ভাড়ারিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। ধামরাই সদর ইউনিয়নের আওতাধীন কিছু এলাকাও এ বিদ্যুৎ বিচ্ছিন্নতার মধ্যে পড়বে।

ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কারিগরি প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মতামত দিন