জাতীয়
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একদিন গ্যাসহীন থাকবে যেসব এলাকা।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ায় গ্যাসলাইন স্থানান্তর ও কমিশনিংয়ের কাজের জন্য একদিনের গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। এর ফলে জেলার সব ধরনের গ্যাস গ্রাহক ২৪ ঘণ্টা সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।

পিজিসিএলের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া জেলার কোথাও গ্যাস সরবরাহ থাকবে না। এ সময় আবাসিক, বাণিজ্যিক, শিল্পপ্রতিষ্ঠান, সিএনজি ফিলিং স্টেশন এবং ক্যাপটিভ পাওয়ার ইউনিট—সব শ্রেণির গ্রাহক এ ভোগান্তির মধ্যে পড়বেন।

কোম্পানির তথ্য অনুযায়ী, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (SASEC-II) প্রকল্পের অংশ হিসেবে বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত পুরোনো গ্যাসলাইন অপসারণ ও নতুন লাইনের সঙ্গে সংযুক্তির কাজ চলছে। এ পর্যায়ে বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) এবং পাইপলাইনের দুই প্রান্তে টাই-ইন ও গ্যাস কমিশনিং সম্পন্ন করা হবে।

পিজিসিএল বলছে, পুরো কাজটি বগুড়ার মূল গ্যাস বিতরণ ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকায় নিরাপত্তা ও কারিগরি প্রয়োজনেই নির্ধারিত সময়ের জন্য জেলার সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছাড়া বিকল্প নেই।

এই কর্মসূচির আওতায় বনানী মোড়, তিনমাথা রেলগেট, শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কুল, জাহাঙ্গীরনাবাদ ক্যান্টনমেন্ট, পল্লী বিদ্যুৎ এলাকা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পিজিসিবি (PGCB), জিটিসিএল (GTCL) এবং অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে টাই-ইনের কাজ পরিচালিত হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত প্রকৌশলগত কাজ শেষ হওয়ার পরই ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। এ কারণে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম তারিকুল ইসলাম। একই সঙ্গে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

মতামত দিন