বিশ্বকাপের মাঝেই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা।
ফিফা র্যাঙ্কিংয়ে আর শীর্ষে নেই আর্জেন্টিনা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে সর্বশেষ লাইভ র্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের টপকে এক নম্বর অবস্থান পুনরুদ্ধার করেছে ফ্রান্স।
বিশ্বকাপের শেষ আটে ওঠার পথে আর্জেন্টিনা মিসরকে ৩-২ গোলে হারালেও র্যাঙ্কিংয়ে লাভ হয়নি। বরং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় ফ্রান্সকে এনে দিয়েছে প্রয়োজনীয় রেটিং পয়েন্ট, যার ফলে তারা আবারও সবার ওপরে উঠে এসেছে।
বর্তমানে ফ্রান্সের পয়েন্ট ১ হাজার ৯২৫ দশমিক ৮৬, আর আর্জেন্টিনার ১ হাজার ৯২৫ দশমিক ১৫। দুই দলের ব্যবধান মাত্র ০ দশমিক ৭১ পয়েন্ট। ফলে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করেই আবারও শীর্ষস্থান হাতবদল হতে পারে।
বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের পর ফিফার লাইভ র্যাঙ্কিং হালনাগাদ হওয়ায় এখন প্রতিটি জয় কিংবা হার সরাসরি প্রভাব ফেলছে দলগুলোর অবস্থানে। যেহেতু আর্জেন্টিনা ও ফ্রান্স—দুই দলই এখনও শিরোপার লড়াইয়ে রয়েছে, তাই র্যাঙ্কিংয়ের এই প্রতিদ্বন্দ্বিতাও শেষ হয়নি।
র্যাঙ্কিংয়ের এ পরিবর্তনের পর আবারও আলোচনায় এসেছে বিশ্বকাপের একটি পুরোনো পরিসংখ্যান। ফুটবল ইতিহাসে বিশ্বকাপ শুরুর সময় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কোনো দল শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। এবার টুর্নামেন্ট শুরুর আগে এক নম্বরে ছিল আর্জেন্টিনা।
সর্বশেষ আন্তর্জাতিক বিরতির পর প্রীতি ম্যাচের ফলাফলে সুবিধা পেয়ে আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে। সে সময় হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে জয় পায় আলবিসেলেস্তেরা। অন্যদিকে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হারে ফ্রান্স এবং ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্পেন। এসব ফলাফলের কারণে দুই দলই গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারায়, যার সুযোগ নেয় আর্জেন্টিনা।
তবে নকআউট পর্বে এসে পাল্টে গেছে সেই চিত্র। ফ্রান্স আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। যদিও দুই দলের পয়েন্টের ব্যবধান এতটাই কম যে একটি ম্যাচই বদলে দিতে পারে পুরো সমীকরণ।
এ কারণে অনেক আর্জেন্টাইন সমর্থক শীর্ষস্থান হারানোকে নেতিবাচক হিসেবে না দেখে বরং ইতিবাচকভাবেই দেখছেন। কারণ বিশ্বকাপ শুরুর সময় এক নম্বরে থাকা দলের শিরোপা না জেতার যে পরিসংখ্যান রয়েছে, সেটি থেকে এবার অন্তত মুক্ত হয়েছে আর্জেন্টিনা।
সূত্র: টিওয়াইসি স্পোর্টস।
মতামত দিন