আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি শেষ, ইরানকে নিয়ে কড়া বার্তা ট্রাম্পের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার কোনো প্রয়োজন দেখছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সমঝোতার পথ কার্যত বন্ধ হয়ে গেছে এবং যুদ্ধবিরতি চুক্তিও আর কার্যকর নয়।

বুধবার (৮ জুলাই) তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় ইরানের ওপর আরোপ করে ওয়াশিংটন।

ট্রাম্প বলেন, ইরানের বর্তমান শাসকদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না তিনি। তার ভাষায়, আলোচনার মাধ্যমে কোনো ফল আসবে বলে তিনি বিশ্বাস করেন না এবং এ প্রক্রিয়ায় সময় ব্যয় করাও অর্থহীন।

ইরানি নেতৃত্বকে কড়া ভাষায় সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা বিশ্বাসযোগ্য নয় এবং তাদের সঙ্গে আলোচনার কোনো মূল্য নেই। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে—ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।

এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্ভাব্য সমঝোতার লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাজ শুরু করেছিল। এ উদ্যোগের জন্য ৬০ দিনের একটি সময়সীমাও নির্ধারণ করা হয়েছিল।

তবে কূটনৈতিক সূত্রগুলোর মতে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। মূলত ১৭ জুন ভার্সাই প্রাসাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়েই দুই পক্ষের আলোচনা সীমাবদ্ধ ছিল।

এ অবস্থায় বিশ্লেষকদের ধারণা, পাকিস্তান ও কাতার নতুন করে মধ্যস্থতার উদ্যোগ নিতে পারে। তাদের প্রচেষ্টায় দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করা হতে পারে।

সূত্র: বিবিসি ও সিএনএন।

মতামত দিন