জাতীয়
ছবি: সংগৃহীত

গাংনীতে গরুবোঝাই লাটাহাম্বা উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১১।

নিজেস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর বাজার এলাকায় গরু পরিবহনের সময় লাটাহাম্বা উল্টে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল (৩৫) মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি শহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গার পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যবসায়ী গরু নিয়ে মেহেরপুর থেকে একটি লাটাহাম্বায় রওনা দেন। রায়পুর বাজার এলাকায় পৌঁছানোর পর সড়কে একটি মোটরসাইকেল সামনে চলে এলে সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। এ সময় ভারসাম্য হারিয়ে লাটাহাম্বাটি সড়কে উল্টে যায়। মুহূর্তেই যাত্রী ও গরুগুলো ছিটকে পড়ে। এতে উজ্জ্বল লাটাহাম্বার নিচে আটকা পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গাড়ি থেকে বের করেন। পরে তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সবাইকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে রয়েছেন রহিদুল (৫৫), ওসমান (৪৪), ইসরাফিল (৫৫), কবির (৪২), সাবদার আলী (৬০), ইসমাইল (৪৪), নাজমুল (২৫), লিটন (৩২), রাজা (৬০), রফিকুল (৫০) এবং আলাল উদ্দীন (৪৫)।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাসুদুর রহমান বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন