জাতীয়
ছবি: সংগৃহীত

এইচএসসির স্থগিত পরীক্ষার সম্ভাব্য সময় প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

বন্যা ও বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

পরীক্ষা শেষ হওয়ার পর সুবিধাজনক সময়ে এ পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রেষণ) অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। নতুন সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। সাধারণত নির্ধারিত সব পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

তিনি জানান, আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে জানা গেছে, বৃহস্পতিবারের পর পরিস্থিতির উন্নতি হতে পারে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আশফাকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকবে।

অন্যদিকে দেশের বাকি সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন বুধবারের এইচএসসি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হয়েছে।

মতামত দিন