জাতীয়
ছবি: সংগৃহীত

সাজেকে আটকা ৫০০ পর্যটক, রাঙামাটিতে কয়েকশ পরিবার পানিবন্দি।

নিজেস্ব প্রতিবেদক:

টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাজেকের পর্যটকরা। খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় আজ বুধবার সকাল পর্যন্ত পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

পানি না নামা পর্যন্ত তাদের ফেরানো সম্ভব হচ্ছে না।

গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে ২৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সাজেকের সব পর্যটন স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

রাঙামাটিতেও পরিস্থিতি উদ্বেগজনক। বাঘাইছড়ির মাস্টার ঘোনা ও রুপকারিসহ বেশ কিছু নিম্নাঞ্চল পাহাড়ি ঢলে প্লাবিত হতে শুরু করেছে, পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ পরিবার। সদর, বাঘাইছড়ি, রাজস্থলী ও কাপ্তাইসহ বিভিন্ন স্থানে ছোট ছোট ভাঙনও দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই।

জেলায় ২১২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সেগুলোতে লোকসংখ্যা ক্রমেই বাড়ছে।

মতামত দিন