আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, ১৮ জেলায় বন্যার আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উজানের বৃষ্টি আর নদীর পানি দ্রুত বাড়তে থাকায় ১৮ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ বুধবার প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু এখন বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ ও আগামীকাল সারাদেশেই বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ১০ থেকে ১২ জুলাইও বৃষ্টি চলবে, তবে ধীরে ধীরে কমতে পারে।

নদীর চিত্রও উদ্বেগজনক। চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বন্যার আশঙ্কা রয়েছে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগে মনু, খোয়াই, কংস, সোমেশ্বরীসহ বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে। ঝুঁকিতে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের নিম্নাঞ্চল। উত্তরে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা বিপৎসীমা ছাড়িয়ে নীলফামারী ও লালমনিরহাটে বন্যা ঘটাতে পারে। ৭২ ঘণ্টায় ধরলা ও দুধকুমারও সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও একই সময়ে ভারী বৃষ্টি হওয়ায় উজান থেকে পানির চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন