আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব।

নিজেস্ব প্রতিবেদক:

বিদেশি পর্যটকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই ব্যবস্থার মাধ্যমে একটি সমন্বিত প্যাকেজেই মিলবে পর্যটন ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিংসহ প্রয়োজনীয় ভ্রমণসেবা।

এর ফলে আলাদা আলাদাভাবে বিভিন্ন সেবার জন্য আবেদন করার প্রয়োজন হবে না।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পাইলট প্রকল্প হিসেবে এ কর্মসূচি পরিচালিত হবে। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় পর্যটকরা একটি প্যাকেজের মাধ্যমেই যাওয়া-আসার বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন পর্যটন কার্যক্রম, অনুষ্ঠান ও ভ্রমণ অভিজ্ঞতাও একই প্যাকেজে যুক্ত করার সুযোগ থাকবে।

তবে এই সেবা কেবল নির্ধারিত মানদণ্ড পূরণ করা অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই দিতে পারবে। এজন্য প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।

সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পর্যটন শিল্পকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।

এর আগে পর্যটকদের সুবিধার জন্য সৌদি আরব ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসার মতো একাধিক সহজীকৃত ভিসা ব্যবস্থা চালু করেছিল। এসব পদক্ষেপের ধারাবাহিকতায় ২০২৫ সালে দেশটিতে ২ কোটি ৯০ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন, নতুন প্যাকেজ ভিসা ব্যবস্থার মাধ্যমে বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ, স্মার্ট ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে এটি পর্যটন খাতের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াবে এবং সৌদি আরবকে আন্তর্জাতিক পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

সরকারের আশা, নতুন এই উদ্যোগের ফলে বিদেশি পর্যটকদের অবস্থানের সময় বাড়বে, পর্যটন কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং দেশটিতে পর্যটকদের ব্যয়ের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

মতামত দিন