হঠাৎ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় উপস্থিত প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মাঠে আকস্মিকভাবে হাজির হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর মাঠপর্যায়ের প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হলেন।
শুধু দেখেই ফিরে যাননি। সেনা বাঙ্কারে নামলেন, ছদ্মবেশে গাছের আড়ালে অবস্থানরত সৈনিকদের কাছে গেলেন, একজন কমান্ডারের অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শুনলেন, 'রেইড' মহড়া চাক্ষুষ করলেন। একপর্যায়ে মাঠেই রান্না করা খাবার খেলেন এবং সেনাসদস্যদের সঙ্গে চা পান করলেন।
সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে তিনি বললেন, দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর জোর দেন তিনি।
দীর্ঘ সময় সরকারপ্রধানকে পাশে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন উপস্থিত সেনাসদস্যরা। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মতামত দিন