৫ বছরে শিক্ষা-স্বাস্থ্যসহ রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তনের লক্ষ্য: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছেন এবং আগামী পাঁচ বছরে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ খাতগুলোকে আরও কার্যকর ও সুশৃঙ্খল পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সোমবার (৬ জুলাই) টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সখীপুর উপজেলা শাখা।
আহমেদ আযম খান বলেন, সরকার একদিনে সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে না। তবে পরিকল্পিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রশাসন ও অর্থনীতিসহ রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত সময় পেলে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরের ভিত্তি আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের প্রশাসনিক সংস্কৃতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, কর্মঘণ্টা ও দায়িত্ব পালনে পরিবর্তনের চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নিজে অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন এবং নির্ধারিত সময়ের আগেই অফিসে উপস্থিত হন। মন্ত্রীদের মধ্যেও সেই কর্মসংস্কৃতি অনুসরণ করার চেষ্টা চলছে।
প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর নানা কারণে এ খাতের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজের ওপর জাতির বড় প্রত্যাশা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা। এছাড়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুসহ স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মতামত দিন