তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ২৫, ৪ কোটি মানুষ হিট অ্যালার্টে।
অস্বাভাবিক তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে বাড়ছে প্রাণহানির সংখ্যা। টানা কয়েকদিনের ভয়াবহ গরমে দেশজুড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ জার্সি অঙ্গরাজ্য। সেখানে বিভিন্ন কাউন্টিতে ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া মিসিসিপিতে দুজন এবং ইলিনয়ে একজনের মৃত্যুর তথ্যও প্রকাশ করা হয়েছে।
চরম গরমের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে পূর্ব ও দক্ষিণাঞ্চলে। ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, বাল্টিমোর, রলি, চার্লসটন ও জ্যাকসনভিলসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতার সম্মিলিত প্রভাবে অনুভূত তাপমাত্রা ১০০ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
স্বাধীনতা দিবসের ছুটিতেও তাপপ্রবাহের তীব্রতা কমেনি। ৪ জুলাই উদ্যাপনের দিন দেশটির বিভিন্ন শহরে অন্তত ১৮টি স্থানে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়, যা চলমান দাবদাহের ভয়াবহতাকেই তুলে ধরে।
গরমের কারণে হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাপজনিত অসুস্থতায় কয়েকশ মানুষ জরুরি চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত শুধু নিউইয়র্কেই ৩৭৮ জনের বেশি রোগীকে হাসপাতালে নিতে হয়েছে।
যদিও আবহাওয়াবিদরা বলছেন, সপ্তাহের শেষদিকে পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য উল্টো নতুন সতর্কতা জারি করা হয়েছে। অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত তাপমাত্রা ১১৪ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুৎ বিপর্যয়ও জনভোগান্তি বাড়িয়েছে। মিশিগান, পেনসিলভানিয়া ও নিউ জার্সিতে কয়েক লাখ গ্রাহক এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ফলে তীব্র গরমে বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে।
সূত্র: এনবিসি নিউজ

মতামত দিন