বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

বৈশ্বিক উষ্ণতায় ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ‘মানুষখেকো’ ছত্রাক ,শঙ্কায় বিজ্ঞানীরা।

নিজেস্ব প্রতিবেদক:

বৈশ্বিক উষ্ণতা শুধু তাপমাত্রাই বাড়াচ্ছে না, মানুষের জন্য নতুন স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। বিজ্ঞানীদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্রুত বিস্তার লাভ করতে পারে ‘অ্যাসপারজিলাস’ নামের এক ধরনের ছত্রাক, যা দুর্বল রোগ প্রতিরোধক্ষমতার মানুষের শরীরে মারাত্মক সংক্রমণ ঘটিয়ে প্রাণহানির কারণ হতে পারে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ভবিষ্যতে উত্তর আমেরিকা, ইউরোপ, চীন ও রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এই ছত্রাকের বিস্তার ঘটতে পারে। গবেষকদের মতে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছত্রাকটির অনুকূল পরিবেশও সম্প্রসারিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘অ্যাসপারজিলাস’ ছত্রাকের স্পোর সাধারণত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুস্থ মানুষের ক্ষেত্রে অধিকাংশ সময় এটি বড় ধরনের সমস্যা তৈরি না করলেও হাঁপানি, সিওপিডি, ক্যানসার, অঙ্গ প্রতিস্থাপন করা রোগী এবং দুর্বল রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। সংক্রমণের ফলে ‘অ্যাসপারজিলোসিস’ নামে গুরুতর ফুসফুসের রোগ দেখা দেয়।

গবেষণার সহ-লেখক নর্মান ভ্যান রেইনের ভাষ্য, শরীরের প্রতিরোধব্যবস্থা ছত্রাকটিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এটি শরীরের ভেতর দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং অভ্যন্তরীণ টিস্যুর ক্ষতি করে। তার মতে, গুরুতর অ্যাসপারজিলোসিসে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান জলবায়ু পরিবর্তনের ধারা অব্যাহত থাকলে ২১০০ সালের মধ্যে ‘অ্যাসপারজিলাস ফিউমিগেটাস’-এর বিস্তার প্রায় ৭৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে শুধু ইউরোপেই প্রায় ৯০ লাখ মানুষ নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারেন।

একই সঙ্গে ‘অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস’ উত্তর আমেরিকা, উত্তর চীন ও রাশিয়ার নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই ছত্রাক মানুষের পাশাপাশি খাদ্যশস্যেও সংক্রমণ ঘটাতে সক্ষম। উদ্বেগের বিষয় হলো, এটি অনেক প্রচলিত অ্যান্টিফাঙ্গাল ওষুধের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে পারে।

এ কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে ‘অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস’-কে জনস্বাস্থ্যের জন্য অগ্রাধিকারভিত্তিক ঝুঁকিপূর্ণ ছত্রাকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ১০ কোটির বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করে গবেষকরা ২০ হাজারের বেশি অ্যাসপারজিলোসিস সংক্রমণের ঘটনা শনাক্ত করেছেন। গবেষণার প্রধান অধ্যাপক জাস্টিন রেমেইস জানান, দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ৫ শতাংশ হারে এই সংক্রমণ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ছত্রাকজনিত রোগ নিয়ে সচেতনতা এখনও তুলনামূলক কম। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ধরনের সংক্রমণ আরও বিস্তৃত হতে পারে। তাই সময় থাকতেই গবেষণা, রোগ শনাক্তকরণ, নজরদারি এবং চিকিৎসা সক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সূত্র: সিএনএন

মতামত দিন