বিনোদন
ছবি: সংগৃহীত

আমার মরদেহও যেন এফডিসিতে না নেওয়া হয়: চিত্রনায়িকা রোজিনা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিবেশ নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন বরেণ্য চিত্রনায়িকা রোজিনা। শিল্পীদের মর্যাদা ও সম্মান আগের মতো নেই উল্লেখ করে তিনি বলেছেন, মৃত্যুর পরও যেন তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে না নেওয়া হয়।

রোববার (৫ জুলাই) উত্তরায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এবং চলচ্চিত্রাঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা বক্তব্য দেন তিনি।

রোজিনার অভিযোগ, শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচন ঘিরে এমন অনেক ঘটনা ঘটেছে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল এবং পরিবেশও সন্তোষজনক ছিল না।

তিনি বলেন, বহু বছর চলচ্চিত্রের সঙ্গে কাজ করার পর আজকের বাস্তবতা তাকে কষ্ট দিচ্ছে। একসময় যে এফডিসি শিল্পীদের মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার জায়গা ছিল, এখন সেখানে সেই পরিবেশ আর নেই। সম্মান ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে তিনি ব্যক্তিগতভাবেও গভীরভাবে হতাশ।

বরেণ্য এই অভিনেত্রীর ভাষ্য, শিল্পীদের প্রাপ্য সম্মান নিশ্চিত না হলে চলচ্চিত্রাঙ্গনের প্রতি মানুষের আস্থা আরও দুর্বল হয়ে পড়বে। একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা নেওয়ারও আহ্বান জানান তিনি।

এদিকে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে কয়েকজন প্রার্থী অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগ নিয়ে সমিতির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

রোজিনার এই মন্তব্যের পর চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার কথায় দেশের চলচ্চিত্রশিল্পের বর্তমান সংকট এবং শিল্পীদের অবস্থান নিয়ে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভেরই প্রতিফলন ঘটেছে।

মতামত দিন