অপরাধ
ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্কের অভিনয়, গোপনে ভিডিও ধারণ; রাজধানীতে ব্ল্যাকমেইল চক্রের ৫ সদস্য গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

সামাজিক সম্পর্ককে হাতিয়ার বানিয়ে পরিকল্পিতভাবে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করছিল একটি সংঘবদ্ধ চক্র। প্রথমে নারী সদস্যের মাধ্যমে পরিচয় ও ঘনিষ্ঠতা, এরপর নির্জন ফ্ল্যাটে ডেকে নিয়ে মারধর, আপত্তিকর ভিডিও ধারণ এবং সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়—এভাবেই চলছিল তাদের অপরাধ কর্মকাণ্ড।

এমন অভিযোগে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ এ তথ্য জানায়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সর্বশেষ এক ঘটনায় চক্রের নারী সদস্য একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে কৌশলে তাকে খিলগাঁওয়ের একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া অন্য সদস্যরা ওই ব্যক্তিকে মারধর করে এবং আপত্তিকর ভিডিও ধারণ করে।

এরপর ভুক্তভোগীর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয়। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে তিন লাখ টাকা দাবি করা হয়। ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও উপায়ের মাধ্যমে এক লাখ ১০ হাজার টাকা আদায় করে চক্রটি।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত ২২ জুন মামলা দায়েরের পর তদন্ত শুরু করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে কয়েকটি ওয়াকিটকি, একাধিক মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আগেও একাধিক অপরাধমূলক মামলার রেকর্ড রয়েছে।

ডিবি জানিয়েছে, চক্রটি একই কৌশলে আরও কাউকে টার্গেট করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযানও অব্যাহত রয়েছে।

মতামত দিন