কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ২০০ বিদেশি আটক।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের একটি জনপ্রিয় রাতের বাজারে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশিসহ সাত দেশের ২০০ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সন্ধ্যায় চেরাস এলাকার তামান মালুরি নাইট মার্কেটে এ অভিযান চালানো হয়। স্থানীয়দের অভিযোগের পর প্রায় দুই সপ্তাহ গোপনে নজরদারি চালিয়ে অভিযানের পরিকল্পনা করে অভিবাসন বিভাগ। পরে কুয়ালালামপুর ও পুত্রাজায়া অভিবাসন বিভাগের সদস্যরা কুয়ালালামপুর সিটি হলের সহযোগিতায় একযোগে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় কর্মকর্তাদের একটি অংশ সাধারণ ক্রেতার ছদ্মবেশে বাজারে অবস্থান নেয়। ফলে অভিযান শুরুর সঙ্গে সঙ্গে কয়েকজন পালানোর চেষ্টা করলেও চারপাশে আগে থেকেই অবস্থান নেওয়া সদস্যরা তাদের দ্রুত আটক করেন।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে প্রায় ৫০০ জনের পরিচয়পত্র ও ভ্রমণসংক্রান্ত নথি যাচাই করা হয়। তাদের মধ্যে ৪০৭ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ৯৩ জন মালয়েশিয়ান। যাচাই শেষে ১২৫ জন পুরুষ ও ৭৫ জন নারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশা ইনজাউ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসার নির্ধারিত সময় অতিক্রম করে অবস্থান, বৈধ ভ্রমণ নথির অভাব, অনুমোদিত পাসের অপব্যবহারসহ অভিবাসন আইনের একাধিক ধারা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় যাচাই শেষে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, রাজধানীজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নয়, তাদের কাজে নিয়োজিত নিয়োগকর্তা, দালাল, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এবং যারা জেনে-শুনে আশ্রয় বা সহযোগিতা দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে কুয়ালালামপুর সিটি হল জানিয়েছে, অভিযানে আটক হওয়া অধিকাংশ বিদেশিকে বাজারে ক্রেতা হিসেবেই পাওয়া গেছে। তারা সেখানে ব্যবসা পরিচালনা করছিলেন—এমন কোনো প্রমাণ প্রাথমিক তদন্তে মেলেনি।
এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীকে পাসপোর্ট, ওয়ার্ক পারমিট ও অন্যান্য প্রয়োজনীয় নথি সবসময় বৈধ ও হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন