আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত বেড়ে ২৫।

নিজেস্ব প্রতিবেদক:

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে টানা দুই দিনের সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ২৫ জনে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার।

কারাগারজুড়ে এখনও চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সর্বশেষ সংঘর্ষে পাঁচজন কারা কর্মকর্তা এবং ২০ জন বন্দীর মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতদের নেগোম্বো জেলা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কারা প্রশাসন জানিয়েছে, রোববার কারাগারের ভেতরে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। প্রথম দফার সংঘর্ষে দুই বন্দীর মৃত্যু এবং অন্তত ৩৮ জন আহত হন। তবে রাত পেরিয়ে সোমবার সকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

সোমবার নতুন করে শুরু হওয়া সহিংসতার সময় বন্দীদের একাংশ কারা কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে। একপর্যায়ে দাঙ্গা থামাতে পুলিশ ও কারারক্ষীরা গুলি চালায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রায় দুই হাজার ৪১৭ জন বন্দী থাকা নেগোম্বো কারাগারটিতে এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাগারের ভেতর ও বাইরে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যাতে নতুন করে কোনো সহিংসতা ছড়িয়ে না পড়ে।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কারা বিভাগ ও পুলিশ যৌথভাবে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ বলছে, দাঙ্গার নেপথ্যে কী কারণে এত বড় সংঘর্ষের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা তদন্তে খতিয়ে দেখা হবে।

মতামত দিন