জাতীয়
ছবি: সংগৃহীত

এনআইডি সংশোধন সেবায় বড় পরিবর্তন, প্রশিক্ষণ ইনস্টিটিউটে একাধিক আবেদন গ্রহণ বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় প্রশাসনিক পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে এতদিন যেসব জরুরি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হতো, তার অধিকাংশই আর সেখানে গ্রহণ বা নিষ্পত্তি করা হবে না।

সংশ্লিষ্ট আবেদনগুলো এখন মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন হবে।

সোমবার (৬ জুলাই) এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ‘ঘ’ ক্যাটাগরির সংশোধন আবেদন ছাড়া ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ শ্রেণির কোনো আবেদন আপাতত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিষ্পত্তি করা হবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এছাড়া, যেসব আবেদন অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ রয়েছে, সেগুলোর কাগজপত্র সরাসরি হার্ডকপিতে গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।

নিষ্পত্তির দায়িত্বও নতুন করে বণ্টন করা হয়েছে। ‘ক-১’ শ্রেণির আবেদন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘ক’ শ্রেণির আবেদন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন। একইভাবে ‘খ-১’ আবেদন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ আবেদন জেলা নির্বাচন কর্মকর্তা, ‘গ-১’ আবেদন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।

এর আগে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ শ্রেণির জরুরি সংশোধন আবেদন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকেই দ্রুত নিষ্পত্তি করা হতো। নতুন সিদ্ধান্তের ফলে এসব আবেদন এখন বিকেন্দ্রীকৃত ব্যবস্থায় মাঠপর্যায়ে নিষ্পত্তি হবে।

মতামত দিন