নওগাঁয় মাদকাসক্ত ছেলের হামলায় প্রাণ গেল রিকশাচালক বাবার।
নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের হামলায় রিকশাচালক মহাতাব সরকারের (৬২) মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় সুমনকে ঘিরে পরিবারে অশান্তি চলছিল। এ কারণে প্রায় এক বছর আগে তার স্ত্রী সুমা সংসার ছেড়ে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নিতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বিরোধ দেখা দেয়।
স্বজনদের ভাষ্য, রোববার গভীর রাতে পারিবারিক কলহের পর সুমন বাবার ঘরে গিয়ে তার পাশে শুয়ে পড়েন। তখন তার ঘুম না আসায় বাবা মহাতাব সরকার দোয়া পড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তিনি বাবাকে জোর করে ঘর থেকে উঠানে নিয়ে যান। সেখানে একটি কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর মাথায় ইট দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মহাতাব সরকার ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান।
খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন