ট্যাক্স ফাইল অডিটের ভয় দেখিয়ে টাকা হাতাচ্ছে প্রতারক চক্র, সতর্ক করল এনবিআর।
ফোন এসেছে, বলছে আপনার ট্যাক্স ফাইল অডিটে পড়েছে — টাকা না দিলে আইনি ঝামেলা হবে। এই ধরনের কল পেলে সাবধান।
এনবিআর স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তাই ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করেন না। অডিটের বিষয়ে জানাতে হলে আইন অনুযায়ী শুধু আনুষ্ঠানিক লিখিত নোটিশই পাঠানো হয়। আর ট্যাক্সের কোনো অর্থ পরিশোধ করতে হলে তা যাবে শুধু সরকারি চালানের মাধ্যমে — বিকাশ, রকেট, নগদ বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে কাউকে কোনো টাকা দেওয়া যাবে না।
সন্দেহজনক কল বা মেসেজ পেলে বিভ্রান্ত না হয়ে সরাসরি সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর। কেউ এনবিআর কর্মকর্তা পরিচয়ে টাকা চাইলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে এবং প্রতারকের নম্বর সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে।

মতামত দিন