প্রধানমন্ত্রীর চীন সফর সফল, তিস্তা প্রকল্পে সহায়তার প্রতিশ্রুতি বহাল: চীনা রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে বেইজিং। সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
ইয়াও ওয়েনের ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ সফরে উভয় দেশের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ও অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিস্তা প্রকল্প প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের প্রয়োজন ও চীনের সক্ষমতার সমন্বয়ে প্রকল্পটিতে সহযোগিতা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় থাকবে বলেও জানান তিনি।
আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করেন ইয়াও ওয়েন। তিনি বলেন, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে দুই দেশ। এর অংশ হিসেবে বাংলাদেশ-চীনের সরাসরি যোগাযোগব্যবস্থা জোরদার করার পাশাপাশি চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
রাষ্ট্রদূত আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নকে সামনে রেখে বাংলাদেশ ও চীন আগামী দিনগুলোতে বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করবে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের এই সফর সেই সহযোগিতাকে আরও গতিশীল করার ভিত্তি তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।

মতামত দিন