অর্থনীতি
ছবি: সংগৃহীত

ডিজিটাল লেনদেনে নতুন ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর প্রযোজ্য হবে।

বুধবার (২ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, ন্যাশনাল পেমেন্টস সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস) ও বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, আগের নির্দেশনার অন্যান্য শর্ত ও ফি অপরিবর্তিত থাকবে। তবে এনপিএসবির আওতায় শুধুমাত্র বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর আদায় করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, ডিজিটাল লেনদেন সম্প্রসারণে উৎসাহ দিতে প্রয়োজনে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানগুলো বিশেষ প্রচারমূলক (প্রোমোশনাল) ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ (পিএসডি-২)-এর পরিচালক মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এ নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

মতামত দিন