বৃহস্পতিবার নির্ধারণ হবে এলপিজির নতুন দাম।
চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনায় কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশোধিত মূল্য ঘোষণা করা হবে।
বিইআরসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত কনট্রাক্ট প্রাইস (সিপি) পর্যালোচনা করে বেসরকারি খাতের এলপিজি ও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দর নির্ধারণ করা হয়েছে। মূল্য ঘোষণা শেষে কমিশনের ওয়েবসাইটে বিস্তারিত আদেশ প্রকাশ করা হবে।
সবশেষ গত ২ জুন মাসিক মূল্য সমন্বয়ের সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের মূল্য লিটারপ্রতি ঠিক করা হয় ৮৬ টাকা ৯৩ পয়সা।
জুলাই মাসের নতুন মূল্য ঘোষণার পর এলপিজি ব্যবহারকারী গ্রাহকদের খরচ বাড়বে নাকি আরও কিছুটা কমবে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবার বিকেলের ঘোষণার পর। সংশোধিত মূল্য কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তা কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

মতামত দিন