আবহাওয়া
ছবি: সংগৃহীত

জুলাইয়ে ভারী বৃষ্টির আভাস, তিন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি জুলাই মাসে মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

বুধবার (১ জুলাই) ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে জুলাই মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, সার্বিকভাবে এ মাসে দেশের বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। তবে মাসজুড়ে ৮ থেকে ৯ দিন হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের মধ্যে একটি ক্রমে শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি ভারী বর্ষণের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নিচু এলাকাগুলোতে স্বল্প সময়ের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বৃষ্টিপাত বাড়লেও তাপমাত্রা খুব বেশি কমবে না বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকতে পারে। কোথাও কোথাও ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাসহ মৃদু তাপপ্রবাহও বয়ে যেতে পারে।

কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।

এদিকে বিদায়ী জুন মাসের আবহাওয়ার পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে অঞ্চলভেদে পরিস্থিতি এক ছিল না। ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হলেও রংপুরে ছিল প্রায় স্বাভাবিক। বিপরীতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে উল্লেখযোগ্য বৃষ্টির ঘাটতি দেখা যায়।

গত মাসে সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়। একই মাসের ৪ জুন যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ১৯ জুন নরসিংদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পরিবর্তনশীল আবহাওয়ার প্রেক্ষাপটে জুলাই মাসজুড়ে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার সম্ভাবনার বিষয়ে সতর্ক থাকতে এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন