রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতা গ্রেপ্তার।
রাজবাড়ীর পাংশা উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঝালমুড়ি কিনতে অভিযুক্তের বাড়িতে যায় প্রথম শ্রেণির ওই শিক্ষার্থী। অভিযোগ, সেখানে তাকে একটি ঘরে নিয়ে যৌন নির্যাতন করা হয়। পরে বাড়ি ফিরে অসুস্থ বোধ করলে মায়ের কাছে ঘটনাটি জানায়। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তবে মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার আগে এটি ধর্ষণ নাকি ধর্ষণের চেষ্টা—সেটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন