জাতীয়
ছবি: সংগৃহীত

গায়ক থেকে ম্যাজিস্ট্রেট, ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মুগ্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

চ্যানেল আইয়ের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা সেরাকণ্ঠ-এর বিজয়ী মির্জা তানজিম শরীফ মুগ্ধ এবার নতুন পরিচয়ে আলোচনায়। ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ পাওয়া মুগ্ধ জাতীয় মেধাতালিকায় প্রথম ৫০ জনের মধ্যেও জায়গা করে নিয়েছেন।

নিজের এই অর্জনের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন তিনি। এক পোস্টে লিখেছেন, "আলহামদুলিল্লাহ। ৪৭তম বিসিএস। প্রশাসন ক্যাডার। দেশের প্রথম ৫০ জনের মধ্যে স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি।"

বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন মুগ্ধ। তিনি জানান, নানা দায়িত্ব, ব্যস্ততা ও অনিশ্চয়তার মধ্যেও প্রস্তুতি চালিয়ে গেছেন। এই সাফল্যকে মহান আল্লাহর অনুগ্রহ হিসেবে উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই পোস্টে তিনি আরও লেখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করার যে তৃপ্তি তিনি পেয়েছেন, বিসিএসে সফল হওয়ার পরও সেই অনুভূতির গুরুত্ব কমেনি।

২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান মির্জা তানজিম শরীফ মুগ্ধ। সংগীতের পাশাপাশি বিতর্ক, উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাঙ্কনেও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এবার প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিজের অর্জনের তালিকায় যুক্ত করলেন নতুন এক মাইলফলক।

মতামত দিন