দুই বছরেও স্বপ্নের বাংলাদেশ পুরোপুরি আসেনি: এমপি আখতার হোসেন।
শহীদদের কবরের সামনে দাঁড়িয়ে হিসাব মেলানো হলো — কতটা পথ হেঁটেছি, আর কতটা বাকি। আজ বুধবার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি বললেন, অভ্যুত্থানের দুই বছর পরেও যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা পুরোপুরি অর্জিত হয়নি।
আহত যোদ্ধাদের কথা তুলে তিনি বলেন, অনেকে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, সুস্থ হননি। সরকারের সহায়তা এসেছে, কিন্তু তা যথেষ্ট নয়। পঙ্গু ও চিকিৎসাধীনদের পূর্ণ চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ ও আহত পরিবারগুলোকে পুনর্বাসনের আওতায় আনা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে দাবি জানান তিনি।
বিচারের প্রশ্নে কড়া ভাষায় কথা বলেন আখতার হোসেন। গণহত্যায় জড়িত সবাইকে — শেখ হাসিনাসহ — বিচারের আওতায় আনতে হবে বলে দাবি করেন তিনি। তার কথায়, শেখ হাসিনার মামলার রায় হয়েছে, কিন্তু কবে কার্যকর হবে তার কোনো আভাস নেই। ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে তাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।
জুলাই ফাউন্ডেশন প্রসঙ্গে তিনি বলেন, বেতন বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল। সরকারের কাছে বেতন চালু ও প্রতিষ্ঠানটিকে সচল করার দাবি জানান। পাশাপাশি জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত উন্মুক্ত করার আহ্বানও জানান, যাতে দেশের সব মানুষ সেখানে যেতে পারেন।
মতামত দিন