বিনোদন
ছবি: সংগৃহীত

স্ত্রীর মৃত্যুর মামলায় আলভীকে কারাগারে রাখার আবেদন, তদন্তে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্যের দাবি।

নিজেস্ব প্রতিবেদক:

অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত, তার স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) তদন্তকারী কর্মকর্তা ও ডিবির মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আলভীকে আদালতে হাজির করে এ আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, রিমান্ডে নেওয়ার পর গত ২৮ জুন আসামিকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ থেকে মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততারও কিছু তথ্য মিলেছে বলে দাবি করা হয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও আদালতকে জানানো হয়।

এর আগে ২৪ জুন আদালত আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরে রিমান্ড শেষে তাকে আবার আদালতে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৮ জুন আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে, মামলার অপর আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি ৪ জুন আদালতে আত্মসমর্পণ করলে তিনি জামিন পান।

ঘটনার সূত্রপাত গত ১ মার্চ। সেদিন রাজধানীর মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আলভীর স্ত্রী ইকরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।

পরে ইকরার মামা শেখ তানভীর আহমেদ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

মতামত দিন