এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা।
আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর ৩০৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
ডিএমপির পক্ষ থেকে পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রের উদ্দেশে আসা শিক্ষার্থীদের কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম যানজটপূর্ণ স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে বলা হয়েছে। পরীক্ষা শেষে একইভাবে কেন্দ্র থেকে কিছুটা দূরে গিয়ে গাড়িতে ওঠার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কে ব্যক্তিগত গাড়ি পার্কিং করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভিড় না করার আহ্বান জানিয়েছে ডিএমপি। কারণ সড়কে অবস্থান করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ ছাড়া সকাল সাড়ে ৭টা থেকে পরীক্ষা শুরুর সময় সকাল ১০টা পর্যন্ত পরীক্ষার্থী ছাড়া অন্যদের অপ্রয়োজনে পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়ক ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। এতে পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারবেন এবং যানজটও নিয়ন্ত্রণে থাকবে।
মতামত দিন