জাতীয়
ছবি: সংগৃহীত

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে যাচ্ছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এ সফর করবেন।

মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গালিবাফের আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানাজায় অংশ নেবেন।

রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী, খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইরানে কয়েক ধাপে জানাজার আয়োজন করা হয়েছে। ৪ জুলাই তেহরানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ ৯ জুলাই মাশহাদে আরেক দফা জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

মতামত দিন