জমজম আর গোলাপজলে আজ ধোয়া হবে পবিত্র কাবা।
মহরমের ১৫ তারিখ, আজ মঙ্গলবার পালিত হচ্ছে এক বিরল ঐতিহ্য — পবিত্র কাবা শরিফের বার্ষিক ধোয়ার অনুষ্ঠান। জমজমের পবিত্র পানি আর গোলাপজলের বিশেষ মিশ্রণে ধোয়া হবে কাবার অভ্যন্তরীণ দেয়াল।
মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ অনুসরণ করে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এই রীতি। বিশেষ তোয়ালে দিয়ে কাবার দেয়াল পরিষ্কার করা হয়, সাদা কাপড়ে গোলাপ ও মেশকের সুগন্ধি মাখিয়ে মোছা হয় ভেতরের দেয়াল। গোলাপের সুগন্ধিযুক্ত জমজমের পানি মেঝেতে ছিটিয়ে হাত আর খেজুর পাতা দিয়ে পরিষ্কার করেন কর্মীরা।
পুরো প্রক্রিয়াটি বেশ যত্নসহকারে ধাপে ধাপে সম্পন্ন হয়। প্রথমে কাবার ভেতরটা প্রস্তুত করা হয়, এরপর জমজমের পানি ও গোলাপজলের মিশ্রণে দেয়াল-মেঝে-স্তম্ভ ধোয়া হয়। সবশেষে উৎকৃষ্ট মানের ধূপ ও সুগন্ধি তেল দিয়ে কাবার অভ্যন্তর সুবাসিত করা হয়।
মুসলিম উম্মাহর কাছে এই অনুষ্ঠান শুধু পরিচ্ছন্নতার আনুষ্ঠানিকতা নয়, বরং কাবা শরিফের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার এক জীবন্ত প্রতীক। বিশ্বের সব মুসলমানের কিবলা হিসেবে কাবা শরিফের প্রতি এই যত্ন প্রজন্মের পর প্রজন্ম ধরে অব্যাহত রয়েছে।
সূত্র: সৌদি গ্যাজেট

মতামত দিন