আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সিন্ধুর পানিতে হাত দিলে সেই হাত কেটে দেওয়া হবে: ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের।

নিজেস্ব প্রতিবেদক:

সিন্ধু নদীর পানিবণ্টন নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা যেন থামছেই না। এবার নয়াদিল্লিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানের পানির হিস্যায় কেউ হাত দেওয়ার চেষ্টা করলে সেই হাত কেটে দেওয়া হবে।

তার অভিযোগ, ভারত পরিকল্পিতভাবে পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তার ভাষায়, এই পানি পাকিস্তানের খাদ্য নিরাপত্তা, কৃষি ও সামগ্রিক অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত, তাই এই অধিকার রক্ষায় যেকোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত দেশটি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারারও কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সিন্ধু পানি চুক্তি এখনো সম্পূর্ণ কার্যকর এবং কোনো একক দেশ একতরফাভাবে এটি স্থগিত বা বাতিল করতে পারে না। এই ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনেও পাকিস্তান সমর্থন পাচ্ছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল অসীম মুনির একাধিকবার বলেছেন, পানি পাকিস্তানের জন্য জীবনরেখা — এটি তাদের জন্য একটি 'রেড লাইন'।

প্রসঙ্গত, ২০২৫ সালে কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করে। সেই থেকেই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে পানিবণ্টন ইস্যু নতুন করে চরম উত্তেজনার রূপ নিয়েছে।

সূত্র: এনডিটিভি

মতামত দিন