জাতীয়
ছবি: সংগৃহীত

১১ বছর পর নতুন পে-স্কেলের পথে সরকার, জুলাইতেই মিলতে পারে পূর্ণ মূল বেতন।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ এক দশকের বেশি সময় পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই জুলাইয়ের মাঝামাঝি গেজেট প্রকাশ করে নবম জাতীয় পে-স্কেলের মূল বেতন কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে দুই ধাপের পরিকল্পনা থাকলেও প্রথম ধাপেই সম্পূর্ণ মূল বেতন কার্যকর করার দিকেই ঝুঁকছে সরকার। অর্থ বিভাগের মতে, মূল বেতন ধাপে ধাপে কার্যকর করলে সরকারি হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার আইবিএএস++-এ কারিগরি জটিলতা তৈরি হতে পারে। তাই একবারেই সংশোধিত মূল বেতন কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

নতুন কাঠামো বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে তারা তাদের মতামত অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে।

কমিটির সুপারিশে বর্তমান ২০টি গ্রেডের মধ্যে ১ থেকে ১০ নম্বর গ্রেডে প্রায় ১০০ শতাংশ বা তার কাছাকাছি এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেডে গড়ে প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত মূল বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। সামগ্রিকভাবে বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত হতে পারে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণ করা হয়েছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম পে-স্কেল কার্যকরের ঘোষণা দিলেও বাস্তবায়নের পদ্ধতি তখন বিস্তারিত জানাননি।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বরাদ্দ সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যবহার করা হবে। বাস্তবায়নের অগ্রগতির ওপর ভিত্তি করে এই অর্থ ব্যয় করা হবে।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় নেট পাবলিক সার্ভিস খাতে বরাদ্দ বেড়ে হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি।

বর্তমানে সরকারের প্রায় ১৪ লাখ কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন-ভাতায় বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়।

এর আগে ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল দুই ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। সে সময় প্রথমে সংশোধিত মূল বেতন এবং পরের বছর বিভিন্ন ভাতা কার্যকর করা হয়। এবারও দুই ধাপের কাঠামো বিবেচনায় থাকলেও মূল বেতন একবারেই কার্যকর করার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মতামত দিন