আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধের পাশাপাশি সাইবার ফ্রন্টেও তীব্র লড়াই, ইরানি হামলা তিন গুণ বেড়েছে: ইসরায়েল।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার পাশাপাশি ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার যুদ্ধও নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলের দাবি, গত এক বছরে দেশটির বিরুদ্ধে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলার সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডাই ভেল্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের জাতীয় সাইবার অধিদপ্তরের মহাপরিচালক ইয়োসি কারাদি বলেন, ২০২৫ সালের জুনে যেখানে প্রায় ১ হাজার ৬০০টি শত্রুতামূলক সাইবার হামলা শনাক্ত হয়েছিল, ২০২৬ সালের জুনে সেই সংখ্যা বেড়ে প্রায় ৪ হাজার ৮০০-তে পৌঁছেছে।

তার ভাষ্য, সামরিক সংঘাতের মতো সাইবার অঙ্গনেও প্রতিনিয়ত আক্রমণ চলছে। এখানে যুদ্ধবিরতি বা বিরতির সুযোগ নেই। তাই সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

কারাদির দাবি, হামলাকারীদের মধ্যে কয়েকটি ইরানি হ্যাকার গ্রুপ অত্যন্ত সংগঠিত ও প্রযুক্তিগতভাবে দক্ষ। যদিও অধিকাংশ আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছে, তবু ঝুঁকি এখনো রয়ে গেছে।

তিনি জানান, হামলার লক্ষ্য ছিল শুধু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো নয়; তুলনামূলক দুর্বল সাইবার নিরাপত্তাসম্পন্ন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও আক্রমণের শিকার হয়েছে। বিশেষ করে আইনজীবী প্রতিষ্ঠান, হিসাবরক্ষণ সংস্থা এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অনুপ্রবেশ করে তথ্য মুছে ফেলা বা সিস্টেম অচল করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, এ বিষয়ে ইরান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে অতীতেও তেহরান অন্য দেশের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। বরং ইরান দাবি করে আসছে, তাদের নিজস্ব সাইবার অবকাঠামোই বিভিন্ন বিদেশি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন