ফেসবুকে ‘এনগেজড’ স্ট্যাটাস, নাজনীন নীহার বাগদান নিয়ে নতুন আলোচনা।
কয়েক মাস আগে বিয়ের গুঞ্জন অস্বীকার করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহা। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পদক্ষেপ নতুন করে ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল তৈরি করেছে।
সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে সম্পর্কের অবস্থা পরিবর্তন করে ‘এনগেজড’ উল্লেখ করেন নাজনীন নীহা। এরপরই বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী হয়তো বাগদান সম্পন্ন করেছেন। যদিও এ বিষয়ে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
স্ট্যাটাস পরিবর্তনের পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফোনকল রিসিভ করেননি তিনি। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ও খুদে বার্তারও জবাব দেননি।
এদিকে তার পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা, অভিনন্দন ও নানা প্রশ্নে ভরে গেছে। কেউ হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ মিষ্টি খাওয়ার আবদার করেছেন। তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি অভিনেত্রী।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি প্রকাশ করেছিলেন নাজনীন নীহা। ওই পোস্টকে কেন্দ্র করেও তার বিয়ে নিয়ে জোর গুঞ্জন ওঠে। পরে তিনি জানান, সেটি ব্যক্তিগত কোনো আয়োজন নয়, একটি নাটকের প্রচারণার অংশ ছিল।
তাই এবারও ফেসবুকে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর আলোচনা তৈরি হলেও নাজনীন নীহার পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না আসা পর্যন্ত বাগদানের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
মতামত দিন