তুরাগে লাশ ফেলার দাবি সম্পূর্ণ গুজব, প্রচারকারীদের খুঁজছে পুলিশ।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পর থেকে সামাজিক মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ছে — মিছিল থেকে আটকের পর সাতজনকে হত্যা করে তুরাগ নদে লাশ ফেলা হয়েছে। এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রোববার মিন্টো রোডে সংবাদ সম্মেলন করে ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন জানান, এ ধরনের কোনো ঘটনার সত্যতা পুলিশ পায়নি। তুরাগ থানায় নদীতে লাশ পাওয়া নিয়ে কোনো অভিযোগও আসেনি।
তিনি বলেন, এটি একেবারেই বানোয়াট গুজব। যারা এ ধরনের তথ্য ছড়াচ্ছেন, তাদের শনাক্ত করতে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে। শনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

মতামত দিন