আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন হামলা হলে পরিস্থিতি ভয়াবহ হবে: আরাঘচি।

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী এক মাস এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে জানিয়ে যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান।

রোববার (২৮ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ প্রশ্নাতীত। এই সময়ে বাইরের কোনো সামরিক অভিযান বা হামলার চেষ্টা হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, সামরিক চাপ প্রয়োগ করে পরিস্থিতির সমাধান সম্ভব নয়। বরং এমন পদক্ষেপ আঞ্চলিক অস্থিরতাকে আরও উসকে দিতে পারে।

সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগর এলাকায় উত্তেজনা বাড়ার পেছনে একাধিক ঘটনার উল্লেখ করা হচ্ছে। হরমুজ প্রণালির নিকটে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় দ্বিতীয় দফা বিমান হামলা চালায়। ওই হামলায় কিশম দ্বীপের পাশাপাশি সিরিক ও বান্দর-ই লেংগেহ এলাকার কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ করিডর হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই জলপথ ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন