ভারতের ঢল আর ভারী বৃষ্টিতে ৯ জেলায় বন্যার শঙ্কা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর দেশজুড়ে ভারী বৃষ্টি মিলে নদ-নদীর পানি দ্রুত ফুলছে। আগামী কয়েক দিনের মধ্যে অন্তত ৯ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপরে উঠে গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে। ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারাতেও একই পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও কিছুটা দেরিতে, ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ায় ব্রহ্মপুত্র-যমুনার পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। নদী তীরের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এসব জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে বলেছে পাউবো।
মতামত দিন